শাইখ ইরশাদুল হক আসারি

শাইখ ইরশাদুল হক আসারি
শায়খ ইরশাদুল হক আছারী সমকালীন পাকিস্তানের খ্যাতনামা মুহাক্কিক আলেম ও মুহাদ্দিছ। তিনি হাদীছ শাস্ত্রের বিখ্যাত কিছু গ্রন্থ যেমন ইবনুল জাওযীর আল-ইলাল আল-মুতানাহিয়াহ, মুসনাদ আবু ইয়া‘লা, মুসনাদুস সার্রাজ প্রভৃতি গ্রন্থের তাহকীক সম্পন্ন করে উপমহাদেশ ও আরব বিশ্বে একজন বিদগ্ধ মুহাদ্দিছ হিসাবে প্রভূত খ্যাতি অর্জন করেছেন। এছাড়া সুন্নাহবিরোধীদের প্রতিরোধে উর্দূ ভাষায় তাঁর রয়েছে অসংখ্য বলিষ্ঠ রচনা। আহাদীছে হেদায়াহ কী ফান্নী ওয়া তাহকীকী হায়ছিয়াত, ই‘লাউস সুনান ফিল মীযান, তাওযীহুল কালাম ফী উজূবিল ক্বিরাআহ খালফাল ইমাম, আহাদীছে ছহীহ বুখারী ওয়া মুসলিম মে পারভেজী তাশকীক কা ইলমী মুহাসাবা প্রভৃতি তাঁর সুপ্রসিদ্ধ রচনা। সাপ্তাহিক তর্জুমানুল হাদীছ ও আল-ই‘তিছামসহ বিভিন্ন পত্রিকায় তাঁর প্রবন্ধসমূহ নিয়মিত প্রকাশিত হয়। যা ইতিমধ্যে সংকলনাকারে ৬ খন্ডে প্রকাশিত হয়েছে। তাঁর রচিত গ্রন্থের সংখ্যা ষাটোর্ধ। গবেষণার বাইরে দাওয়াতী ময়দানেও তিনি সমানভাবে সক্রিয়। দেশের বাইরে আমেরিকা এবং ইউরোপেও তিনি দাওয়াতী সফর করেছেন। বর্তমানে তিনি ফয়ছালাবাদে ইদারায়ে উলূমে আছারিয়ার পরিচালক এবং মারকাযুত তারবিয়াহ আল-ইসলামিয়ার শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের ফৎওয়া বোর্ডের প্রধান এবং মজলিসে ফুকাহা শারঈয়াহ আমেরিকার সদস্য। ১৯৯৮-১৯৯৯ সনে তিনি ইসলামী নযরিয়াতী কাউন্সিল পাকিস্তানের সদস্য ছিলেন।
